তারাতলা বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীর হুঙ্কার, কাঠগড়ায় প্রাক্তন মেয়র!

কলকাতা: তারাতলায় নির্মীয়মাণ গোডাউন ভেঙে ৯ জনের মৃত্যুর ঘটনায় সরাসরি পূর্বতন সরকার ও প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে দুষলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভায় তিনি অভিযোগ করেন, টাকার বিনিময়ে কলকাতাকে ‘মৃত্যুপুরী’তে পরিণত করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, চলতি বছরের ১৭ জানুয়ারি কলকাতা পুরসভা থেকে ওই ভবনটির প্ল্যানের অনুমোদন দেওয়া হয়েছিল, যার নথিতে পুরসভার ইঞ্জিনিয়ারদের পাশাপাশি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমেরও সই রয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সরকারের হাতে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট এসে পৌঁছেছে বলে তিনি জানিয়েছেন।

বেআইনি নির্মাণ রুখতে আগামী চার সপ্তাহ কলকাতা ও সংলগ্ন এলাকায় সমস্ত নির্মাণকাজ বন্ধ রাখার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই সময়ের মধ্যে কলকাতা পুরসভা এলাকা, রাজারহাট-নিউ টাউন, সোনারপুর, বারুইপুর, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা, মহেশতলা ও বজবজের বিল্ডিং প্ল্যান অডিট করা হবে। এছাড়া, বিগত ১৫ বছরে বিপর্যয় মোকাবিলার জন্য প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি না কেনায় পূর্বতন সরকারের তীব্র সমালোচনা করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দ্রুত উদ্ধারকাজে সাহায্যের জন্য তিনি বিহার রেজিমেন্ট ও সেনার ভূমিকার প্রশংসা করেন। দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *