আয়ুষ্মান কার্ডে ৫ লক্ষের ফ্রি চিকিৎসা! কলকাতার কোন কোন নামী হাসপাতালে এই সুবিধা মিলবে?
রাজ্যে ‘আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। এই প্রকল্পের আওতায় আর্থিকভাবে পিছিয়ে পড়া ও দুর্বল শ্রেণির মানুষ বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পাবেন। এই কার্ডের মাধ্যমে দেশজুড়ে প্রায় ৩৬ হাজার সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা পাওয়া সম্ভব। এর অন্তর্ভুক্ত সুবিধার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ সার্জারি বা অপারেশন, হার্ট, নার্ভ ও কিডনি সংক্রান্ত জটিল রোগের চিকিৎসা, মাতৃত্বকালীন সেবা এবং অ্যাম্বুলেন্স ও ওষুধের খরচ।
কলকাতার নামী বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স, কেপিসি মেডিক্যাল কলেজ, পিয়ারলেস হাসপাতাল, মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল, মণিপাল হাসপাতাল (মুকুন্দপুর ও সল্টলেক), রুবি জেনারেল হাসপাতাল এবং ডিসান হাসপাতালে এই পরিষেবা পাওয়া যাবে। পাশাপাশি, এসএসকেএম, এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, আর জি কর ও কলকাতা মেডিক্যাল কলেজের মতো রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালেও এই কার্ডের সুবিধা কার্যকর থাকবে। ভবিষ্যতে এই তালিকায় আরও বেসরকারি হাসপাতালের নাম যুক্ত হতে পারে।