সরকারি হাসপাতালে সন্তান প্রসব করলেই সোনার আংটি, চমকে দেওয়া ঘোষণা!

তামিলনাড়ুর সরকারি হাসপাতালে জন্মগ্রহণকারী প্রতিটি নবজাতককে এক গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। ‘থাইমামান থাঙ্গা মোথিরম থিত্তাম’ নামক এই প্রকল্পের আওতায় প্রায় ১৩,৬০০ টাকা মূল্যের সোনার আংটি উপহার দেওয়া হবে। রাজ্যের জনগণের দীর্ঘদিনের ঐতিহ্য ‘থাইমামান সির’-এর আবেগকে সম্মান জানিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি আগামী ১৫ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে, তবে এটি গত ২২ জুন থেকে কার্যকর বলে গণ্য করা হবে।

তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দারা, যারা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে সন্তান প্রসব করবেন, তারা লিঙ্গনির্বিশেষে এই সুবিধার আওতায় আসবেন। সন্তানের জন্মক্রমের ওপর এখানে কোনো সীমাবদ্ধতা রাখা হয়নি। আবেদনকারীকে স্থায়ী বাসিন্দা হিসেবে ভোটার আইডি, রেশন কার্ড বা আধার কার্ডের মতো বৈধ নথি জমা দিতে হবে। এই বৃহৎ প্রকল্পের জন্য রাজ্য সরকার বার্ষিক ৭৫৫.৮৩ কোটি টাকা বরাদ্দ করেছে। সরকারি তথ্যমতে, প্রতি বছর রাজ্যে প্রায় ৭.৮ লাখ শিশু জন্ম নেয়, যার একটি বড় অংশ সরকারি হাসপাতালে প্রসব হয়। মূলত সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর ব্যবহার বৃদ্ধি এবং সাধারণ মানুষকে নিরাপদ চিকিৎসায় উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *