শ্রবণশক্তি হারিয়েও পদ্মভূষণ! আবেগ আর লড়াইয়ের অনন্য নজির গড়লেন অলকা ইয়াগনিক
রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতের সংগীত জগতের কিংবদন্তি শিল্পী অলকা ইয়াগনিককে ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিরল রোগের সঙ্গে লড়াইয়ের মাঝে এই মর্যাদাপূর্ণ সম্মান গ্রহণ করা ছিল এক আবেগঘন মুহূর্ত। তবে এই আনন্দের আবহে নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় এই গায়িকা। তিনি জানিয়েছেন, ২০২৪ সালে তাঁর ‘সেন্সরিনিউরাল হিয়ারিং লস’ নামক একটি বিরল শ্রবণজনিত সমস্যা ধরা পড়েছে। চিকিৎসকদের মতে, ভাইরাল সংক্রমণের পরবর্তী প্রভাবে সৃষ্ট এই জটিলতায় শ্রবণ স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ায় শব্দ শোনা ও বোঝার ক্ষেত্রে বড় ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় তাঁকে।
বর্তমানে গায়িকা পুরোপুরি সুস্থ না হওয়ায় নতুন কাজের ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছেন। প্রচুর প্রস্তাব থাকা সত্ত্বেও স্বাস্থ্যের কথা বিবেচনা করে অত্যন্ত বেছে বেছে কাজ করছেন অলকা ইয়াগনিক। চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন। এই কঠিন সময়ে অগণিত অনুরাগীর ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনাই তাঁর প্রধান মানসিক শক্তি বলে জানিয়েছেন তিনি।