বনশালির সেটে ফের মৃত্যু, পরিচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি মুখ্যমন্ত্রীর কাছে!
বলিউড পরিচালক সঞ্জয়লীলা বনশালির আসন্ন বিগ-বাজেট সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে চন্দ্রধারী সিং যাদব নামের এক ক্রু মেম্বারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ১৭ জুন ঘটা এই ঘটনাকে কেন্দ্র করে চলচ্চিত্র অঙ্গনে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই মৃত্যুর ঘটনায় নিরাপত্তাজনিত গুরুতর গাফিলতির অভিযোগ তুলে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসের দ্বারস্থ হয়েছে।
সংগঠনটির সভাপতি সুরেশ শ্যামলাল গুপ্ত এক চিঠিতে সঞ্জয়লীলা বনশালি ও সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা ও অবহেলার অভিযোগে এফআইআর দায়ের করার দাবি জানিয়েছেন। পাশাপাশি, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত শুটিং স্থগিত রাখার আর্জি জানানো হয়েছে। এছাড়া মৃত কর্মীর পরিবারের একমাত্র উপার্জনকারী হওয়ায় তাঁর স্ত্রী ও দুই নাবালিকা কন্যার সুরক্ষার্থে ১ কোটি টাকা ক্ষতিপূরণ, স্ত্রীর জন্য চাকরি এবং সন্তানদের দায়িত্ব নেওয়ার দাবিও তোলা হয়েছে। এর আগেও বনশালির সিনেমার সেটে মৃত্যুর ঘটনার প্রসঙ্গ টেনে সংগঠনটি ফিল্ম ইন্ডাস্ট্রির শুটিং সেটে কঠোর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।