নিকাশি ব্যবস্থার বড়াইয়ের মাঝেই চরম বিপত্তি, মেয়রের সামনেই ম্যানহোলে পড়লেন পুরকর্মী!
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বই, খোলা ম্যানহোলে পড়লেন পুরকর্মী
চলতি মরশুমে দেরিতে বর্ষা প্রবেশ করলেও, সারারাতের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে মুম্বইয়ের বিস্তীর্ণ নিচু এলাকা। এর ফলে শহরতলির ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার পাশাপাশি সকালের ব্যস্ত সময়ে যান চলাচলও বিঘ্নিত হয়েছে। আন্ধেরি সাবওয়ে, হিন্দমাতা এবং কিংস সার্কেলের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলি ইতিমধ্যেই জলের নিচে তলিয়ে গেছে। পুর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মূল শহরে গড়ে ১৯৫ মিলিমিটার, পশ্চিম শহরতলিতে ২০৮ মিলিমিটার এবং পূর্ব শহরতলিতে ১৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
শহরের এই বেহাল দশার মধ্যে নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখতে মাতুঙ্গা এলাকায় যান মেয়র ঋতু তাওয়াদের। সেখানে পুরনিগমের প্রস্তুতি নিয়ে কথা বলার সময় মেয়র নিজেই চোখের সামনে দেখতে পান, এক পুরকর্মী খোলা ম্যানহোলে পড়ে গেছেন। স্থানীয়দের ক্যামেরায় ধরা পড়া এই ঘটনার পর তড়িঘড়ি ওই কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তিনি বর্তমানে সুস্থ রয়েছেন। শহরের পরিকাঠামোগত ত্রুটি ও রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।