নিম্নচাপের জেরে সপ্তাহান্তে প্রবল দুর্যোগের ভ্রূকুটি, জারি সতর্কতা!
উত্তর বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে চলতি সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি ও দুর্যোগের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সোমবার পর্যন্ত রাজ্যজুড়ে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখা ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার ওপর দিয়ে বিস্তৃত রয়েছে।
বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকায় উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় প্রায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সম্ভাব্য বিপদ এড়াতে আজ ও আগামীকাল পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া কলকাতায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে; তবে উচ্চ আপেক্ষিক আর্দ্রতার কারণে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে।
এদিকে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বিশেষ করে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এর ফলে পাহাড়ি এলাকায় জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি নিচু এলাকাগুলোতে জল জমার পূর্বাভাস রয়েছে।