গোষ্ঠীদ্বন্দ্বের জের, বর্ধমানে শোকজ ও সাসপেন্ড দুই বিজেপি নেতা!

ভোট পরবর্তী গোষ্ঠীদ্বন্দ্ব ও বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিল রাজ্য বিজেপি। দলবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বর্ধমান উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী সঞ্জয় দাস এবং জামালপুরের মণ্ডল সভাপতি প্রধানচন্দ্র পালকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে দলের রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটি। একইসঙ্গে আগামী সাত দিনের মধ্যে তাঁদের কারণ দর্শানোর নোটিশ বা শোকজের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে হারের পর থেকেই বর্ধমান শহর ও জামালপুরে বিজেপির অন্দরে আদি-নব্য দ্বন্দ্ব, তোলাবাজি এবং রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছে। রাজ্য শৃঙ্খলা রক্ষা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের পাঠানো চিঠি অনুযায়ী, সঞ্জয় দাসের বিরুদ্ধে নির্দেশ অমান্য করে সমাজবিরোধীদের দলে অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে। অপরদিকে, জামালপুরে বালিখাদান দখলকে কেন্দ্র করে দলের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ এবং থানা ঘেরাওয়ের মতো ঘটনার জেরে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় প্রধানচন্দ্র পালের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযোগের বিষয়ে প্রধানচন্দ্র পাল চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও, সঞ্জয় দাস তা অস্বীকার করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *