অভিষেকের বিদেশযাত্রায় বড় বাধা, হাইকোর্টের নির্দেশে মিলল না স্বস্তি!
চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেও ব্যর্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক সপ্তাহের জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে তিনি আদালতের কাছে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে সেই আবেদন খারিজ হয়ে গেছে। আদালত সাফ জানিয়ে দিয়েছে, মামলার তালিকা অনুযায়ী নির্দিষ্ট সিরিয়াল মেনেই শুনানি হবে, আলাদা করে কোনো দ্রুত শুনানির সুযোগ নেই।
২০১৬ সালের ১৯ অক্টোবর সিঙ্গুরের কাছে এক পথ দুর্ঘটনায় বাঁ চোখের নিচে আঘাত পাওয়ার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘস্থায়ী সমস্যায় ভুগছেন। সেই চিকিৎসার প্রয়োজনে এর আগে তিনি আমেরিকা, দুবাই, সিঙ্গাপুর ও হায়দরাবাদে গিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে দলের অভ্যন্তরীণ অস্থিরতা, বিধায়কদের সই জালকাণ্ডে সিআইডি জিজ্ঞাসাবাদ এবং ‘ডিজে হুমকি’ মামলায় আগামী ৩০ জুন কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশের মতো গুরুত্বপূর্ণ আইনি ও রাজনৈতিক জটিলতার মাঝেই তাঁর এই বিদেশযাত্রার আবেদনটি নজরে এসেছে।