তামিলনাড়ু বিধানসভায় ধুন্ধুমার! পার্টি ফান্ড দুর্নীতিতে স্ট্যালিনের নকল ঘিরে তোলপাড়
তামিলনাড়ু বিধানসভায় রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদজ্ঞাপক প্রস্তাব চলাকালীন মঙ্গলবার শাসক দল টিভিকে এবং বিরোধী দল ডিএমকে-এর মধ্যে চরম উত্তেজনা ও বাদানুবাদ সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী বিজয় ডিএমকে-র বিরুদ্ধে দলীয় তহবিলের নামে সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অভিযোগ তুললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী প্রতিটি দুর্নীতির মামলার তদন্ত এবং দোষীদের শাস্তির হুঁশিয়ারি দিলে বিরোধী বিধায়করা হট্টগোল শুরু করেন এবং একপর্যায়ে এম কে স্ট্যালিনের নেতৃত্বে ডিএমকে সদস্যরা বিধানসভা থেকে ওয়াক আউট করেন।
তহবিল বিতর্কের পাশাপাশি বিধানসভার অন্দরে রাজনৈতিক আক্রমণের ধারও ছিল বেশ তীব্র। ডিএমকে অভিযোগ করে যে, টিভিকে বিধায়ক কেনাবেচার মাধ্যমে নিজেদের শক্তি বাড়াচ্ছে। এর পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী বিজয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওর প্রসঙ্গ টেনে স্ট্যালিনের একটি হাতের মুদ্রাকে বিদ্রুপ করেন। মূলত কংগ্রেসের সঙ্গে ডিএমকে-র আসন সমঝোতা ভেঙে শেষ পর্যন্ত তাদের বিজেপির সঙ্গে জোট গড়ার ব্যর্থতাকেই এদিন বিধানসভায় কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী, যা নিয়ে দুই শিবিরের মধ্যে রাজনৈতিক অস্থিরতা প্রকাশ্যে এসেছে।