ডিজে হুমকি মামলায় সিআইডির নজরে অভিষেক, ফের তলব গলার স্বরের পরীক্ষার জন্য!
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি আদালতের, তলব সিআইডির
বিতর্কিত ‘ডিজে’ হুমকি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার অনুমতি দিয়েছে বিধাননগর আদালত। মামলার তদন্তকারী সংস্থা সিআইডির আবেদনের ভিত্তিতে আদালত এই নির্দেশ দিয়েছে। নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আদালতে সশরীরে উপস্থিত হয়ে নিজের কণ্ঠস্বরের নমুনা জমা দিতে হবে। তদন্তের স্বার্থে বিতর্কিত ভিডিও ফুটেজে থাকা কণ্ঠস্বরটি সাংসদের কি না, তা আইনত নিশ্চিত করতেই গোয়েন্দারা এই পদক্ষেপ নিয়েছেন।
২০২৬ সালের নির্বাচনী প্রচারের সময় একটি জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত হয়। ওই সভায় তিনি বলেছিলেন, “যেখানে এরা বেশি লাফালাফি করবে, শান্তি বজায় রেখে এবার রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজেও বাজবে” এবং “এমন ভাবে ডিজে বাজবে যে কান ঝালাপালা হয়ে যাবে।” এই মন্তব্যের প্রেক্ষিতে রাজীব সরকার নামে এক ব্যক্তি বিধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি। ইতিমধ্যে ঘটনার প্রামাণ্য ভিডিও ফুটেজ খতিয়ে দেখা এবং সাক্ষীদের বয়ান রেকর্ড করার পর কণ্ঠস্বর পরীক্ষার প্রক্রিয়া শুরু হলো।