সাবধান! আপনার খাওয়া ওষুধেই কি লুকিয়ে আছে মরণব্যাধি বিষ?
সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO)-এর সাম্প্রতিক প্রতিবেদনে দেশের ব্যবহৃত ১৫৭টি ওষুধ গুণগত মানের পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে। চলতি বছরের মে মাসে সংগৃহীত নমুনার ওপর ভিত্তি করে এই ফলাফল প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী, অনেক ক্ষেত্রে ওষুধের গুণমান বজায় থাকেনি এবং প্রয়োজনীয় সল্টের পরিমাণের তারতম্য বা ভুল রাসায়নিক সংমিশ্রণ ধরা পড়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করলেও এই ওষুধগুলো রোগীর শরীরে কোনো কার্যকর ভূমিকা রাখছে না বলে জানানো হয়েছে।
পরীক্ষায় ব্যর্থ হওয়া ওষুধের তালিকায় জ্বর ও ব্যথানাশক প্যারাসিটামল, ডাইক্লোফেনাক, সর্দি-কাশির সিরাপ এবং শ্বাসের সমস্যার ইনহেলার রয়েছে। এছাড়াও গ্যাস ও পেটের সমস্যার জন্য বহুল ব্যবহৃত প্যান্টোপ্রাজল, ওমেপ্রাজল, এসোমেপ্রাজলের পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হৃদরোগের জন্য প্রয়োজনীয় ওষুধ যেমন মেটফর্মিন, টেলমিসার্টান, অ্যামলোডিপাইন, অ্যাসপিরিন এবং রোসুভাস্টাটিন এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। শুধু ওষুধের পাশাপাশি ওআরএস, হ্যান্ড স্যানিটাইজার, সার্জিক্যাল স্পিরিট, ব্যান্ডেজ ও তুলোর মতো নিত্যপ্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীও মান পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে। সিপলা ও সান ফার্মার মতো নামজাদা ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নামও এই তালিকায় উঠে এসেছে।