ডিজে বিতর্কে বড় বিপদ অভিষেকের, কণ্ঠর নমুনা নেওয়ার নির্দেশ আদালতের!
‘ডিজে বাজানো’ সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের অনুমতি দিয়েছে বিধাননগর ম্যাজিস্ট্রেট আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ জুন সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবেন। গত মে মাসে বাগুইআটির এক জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন যে, ৪ তারিখ রাত ১২টার পর ‘জল্লাদদের’ বাঁচাতে দিল্লি থেকে কে আসে তা তিনি দেখবেন এবং কান ঝালাপালা করা শব্দে ডিজে বাজানো হবে। এই বক্তব্যের প্রেক্ষিতে বাগুইআটির এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলে মামলাটি সিআইডি তদন্তভার গ্রহণ করে।
তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিতে সিআইডি ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে। পাশাপাশি, তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনাকারী অদিতি গায়েনকেও জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের মাধ্যমে সিআইডি এখন সেই বিতর্কিত ভাষণের সত্যতা বৈজ্ঞানিকভাবে যাচাই করার পদক্ষেপ নিয়েছে। রাজ্যের শাসক দলের অন্যতম শীর্ষ নেতার বিরুদ্ধে এমন আইনি পদক্ষেপের ফলে রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের ওপর রাজনৈতিক ও আইনি চাপ বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে।