পুজোর আগেই নতুন রূপে সেজে উঠছে কুমোরটুলি ঘাট!
প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে কলকাতার ঐতিহ্যবাহী কুমোরটুলি ঘাটকে নতুন রূপ দিতে মেগাপ্রকল্পের কাজ চলছে। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) এবং আদানি পোর্টস-এর মধ্যে হওয়া চুক্তির ভিত্তিতে বাস্তবায়িত এই প্রকল্পের কাজ চলতি বছরের দুর্গাপুজোর আগেই শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংস্কারের পর আধুনিক সুযোগ-সুবিধার পাশাপাশি এখানে ঐতিহ্যের মেলবন্ধন বজায় রাখা হবে।
এই প্রকল্পের আওতায় ঘাটের পুরনো কাঠামো ও মন্দির সংরক্ষণের পাশাপাশি সাংস্কৃতিক মঞ্চ, ফুড কোর্ট এবং আধুনিক শৌচাগার তৈরি করা হচ্ছে। পর্যটকদের জন্য নদীপথে বোটিংয়ের সুবিধা এবং মৃৎশিল্পীদের কাজের জন্য নির্দিষ্ট স্থান রাখা হচ্ছে। এছাড়া পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে বৃন্দাবনের আদলে বৃক্ষাঞ্চল তৈরি, নিরাপত্তা জোরদার, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা ও উন্নত আলোকসজ্জার কাজ চলছে। এই উন্নয়নের ফলে কুমোরটুলি শুধু প্রতিমা তৈরির কেন্দ্র নয়, পর্যটন কেন্দ্র হিসেবেও নতুন করে আত্মপ্রকাশ করবে বলে বন্দর কর্তৃপক্ষের আশা।