সব্যসাচীর ঘনিষ্ঠ টিনার বাড়ি থেকে ৩ কেজি সোনা উদ্ধার, স্তম্ভিত নেটপাড়া!
নদিয়ার তেহট্টে সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সোনা ও নগদ টাকা উদ্ধার করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। সোমবার রাতে পুলিশের এই অভিযানে ৩ কেজি ৩৭২ গ্রাম সোনা এবং লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়েছে। নিয়োগ দুর্নীতি ও জোরপূর্বক সম্পত্তি দখলের অভিযোগে নাম জড়ানো এই নেত্রী বর্তমানে পলাতক।
পেশায় শিক্ষিকা টিনা ভৌমিক সাহা নদিয়ার নাজিরপুর বাগাডোবা স্কুলের শিক্ষক পদে কর্মরত। অভিযোগ রয়েছে, তিনি জালিয়াতির মাধ্যমে এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে শিক্ষক নিয়োগে কোটি কোটি টাকা ঘুষ নিয়েছেন। এছাড়া তাঁর বিরুদ্ধে বিএড কলেজ ও ইটভাটা দখলের অভিযোগও রয়েছে। নিউটাউন, কৃষ্ণনগর, বাগুইআটি ও বিরাটিতে তাঁর একাধিক বিলাসবহুল ফ্ল্যাটের হদিশ পেয়েছে পুলিশ। বর্তমানে তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।