তৃণমূলের কোষাগার দখলে মরিয়া বিদ্রোহী শিবির, এবার নজরে ব্যাঙ্ক ও নির্বাচন কমিশন!
নিউটাউনের হোটেলে ৩১ মিনিটের এক বিশেষ অধিবেশনে তৃণমূল কংগ্রেসের সমান্তরাল জাতীয় কর্মসমিতি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই এবার দলের তহবিলের নিয়ন্ত্রণ নিতে মাঠে নেমেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও ফিরহাদ হাকিম শিবির। কালীঘাট ও ক্যামাক স্ট্রিটকে আর্থিকভাবে কোণঠাসা করার লক্ষ্যে ইতিমধ্যে আইনি প্রস্তুতি শুরু করেছেন তাঁরা।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, নবনির্বাচিত কোষাধ্যক্ষ আখরুজ্জামানকে সামনে রেখে মঙ্গলবার এইচডিএফসি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিতে চলেছে নতুন শিবির। প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাসের পরামর্শে নেওয়া এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো দলের যাবতীয় আর্থিক লেনদেন ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিজেদের কব্জায় নেওয়া। একইসঙ্গে মঙ্গলবার নির্বাচন কমিশনের আঞ্চলিক দফতরেও নতুন কমিটি সংক্রান্ত যাবতীয় নথিপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে এই পক্ষ। দলের সংবিধান মেনে অরূপ রায়ের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে বলে কমিশনের কাছে দাবি জানানো হবে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো আইনি বা প্রশাসনিক পদক্ষেপের আগেই নিজেদের অবস্থান পাকাপোক্ত করা যায়।