ভরদুপুরেই ঘুটঘুটে অন্ধকার! ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড তিলোত্তমা।

মঙ্গলবার সকালে তীব্র রোদ ও অস্বস্তিকর গরমে জনজীবন বিপর্যস্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে। হঠাৎ আকাশ কালো করে কালবৈশাখীর মতো প্রবল ঝোড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টিতে কার্যত লন্ডভন্ড হয়ে যায় কলকাতা। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শহরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। দুপুরের আকাশ নিকষ কালো হয়ে যাওয়ায় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করতে হয়।

ঝড়ের তীব্রতায় কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। ধর্মতলা, পার্ক স্ট্রিট, হাই কোর্ট চত্বর এবং ময়দান এলাকায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত হয়। এছাড়া পার্শ্ববর্তী হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ো হাওয়ার গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বাতাসে অতিরিক্ত আর্দ্রতা ও সকালের ভ্যাপসা গরমের জেরে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘের কারণেই এই আকস্মিক দুর্যোগ। বৃষ্টির কারণে শহরের নিচু এলাকাগুলোতে জল জমার আশঙ্কার পাশাপাশি অফিসযাত্রী ও সাধারণ মানুষ ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *