কোটশিলা-ঝালদায় বন্যপ্রাণীর নতুন ঠিকানা, পর্যটকদের জন্য বড় চমক!

পুরুলিয়ার কোটশিলা ও ঝালদা বনাঞ্চলকে ‘কনজারভেশন রিজার্ভ’-এর মর্যাদা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের বিস্তারিত রিপোর্ট (ডিপিআর) সোমবার কলকাতার অরণ্যভবনে জমা দেওয়া হচ্ছে। গড় পঞ্চকোটের পর এটি হবে পুরুলিয়া জেলার দ্বিতীয় কনজারভেশন রিজার্ভ। প্রস্তাবিত এই রিজার্ভের আওতায় কোটশিলা ও ঝালদা ১ বনাঞ্চলের সিমনি, নোয়াহাতু ও কলমা বিট জুড়ে প্রায় ৪,৩৮৩ হেক্টর এলাকা থাকবে। জেলা প্রশাসন ও স্থানীয় বিধায়কের সঙ্গে আলোচনার ভিত্তিতে পুরুলিয়া বনবিভাগ এই প্রকল্প চূড়ান্ত করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে বনদপ্তরের ক্যামেরা ট্র্যাপে এই অঞ্চলে চিতা বাঘ, শ্লথ বিয়ার, হানি ব্যাজার, পেঙ্গোলিন, চিতল হরিণ ও সোনালী খেঁকশিয়ালের উপস্থিতি ধরা পড়েছে। এছাড়া ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে আসা হাতির দলও এখানে স্থায়ীভাবে বসবাস করছে এবং পালামৌ ব্যাঘ্র প্রকল্পের বাঘের গতিবিধির সঙ্গে এই অঞ্চলের সংযোগ ঘটায় এলাকাটি জাতীয় গুরুত্ব লাভ করেছে। বন্যপ্রাণী ও চোরাশিকার রোধে প্রকল্পের আওতায় থার্মাল ড্রোন, নাইট ভিশন ড্রোন, আধুনিক ক্যামেরা ট্র্যাপ, ওয়াচ টাওয়ার নির্মাণ ও কেন্দ্রীয় কন্ট্রোল রুম স্থাপনের প্রস্তাব রাখা হয়েছে। মানুষের কর্মসংস্থান ও অরণ্য সুরক্ষার লক্ষ্যে এখানে ইকো-ট্যুরিজম, হোম-স্টে, পক্ষী নিরীক্ষণ কেন্দ্র ও লাক্ষা চাষের ওপর জোর দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *