রুশ জাহাজ কাণ্ডে গ্রেপ্তার ভারতীয় ক্যাপ্টেন, বাড়ছে কূটনৈতিক উদ্বেগ!
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে রুশ অপরিশোধিত তেল পরিবহনের অভিযোগে ব্রিটিশ বাহিনী ইংলিশ চ্যানেল থেকে একটি বিশালাকার তেলবাহী জাহাজ আটক করেছে। এই ঘটনায় জাহাজটির ভারতীয় ক্যাপ্টেন অজয় পন্থকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে ব্রিটিশ পুলিশ। গত ১৪ জুন থেকে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন এবং আদালতের বিচারে দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
রাশিয়া থেকে প্রায় এক লক্ষ টন উরাল ক্রুড নিয়ে ভারতের গুজরাটের সিক্কা বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া জাহাজটিকে ব্রিটিশ জলসীমায় প্রবেশের পর আটক করা হয়। ব্রিটিশ প্রশাসনের দাবি, কোনো বৈধ দেশের পতাকা ছাড়াই জাহাজটি চলাচল করছিল। ঘটনার প্রেক্ষিতে উত্তরাখণ্ডের স্বরাষ্ট্র দপ্তর থেকে ভারতের বিদেশমন্ত্রকের কাছে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে এবং ব্রিটিশ হাইকমিশনকে কনসুলার অ্যাক্সেস দেওয়া হয়েছে। এই ঘটনার জেরে ভারত ও ব্রিটেনের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে।