তামিলনাড়ুর কারখানায় গ্যাস লিক, মৃত অন্তত ৭!
তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলায় একটি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াকরণ কারখানায় রবিবার দুপুরে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক করে সাতজন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ৬৭ জন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। অসুস্থদের অধিকাংশই উত্তর ভারতের বাসিন্দা বলে জানা গেছে।
কারখানার একটি ‘মেজার ভালভ’ থেকে এই গ্যাস নিঃসরণ হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। বিষাক্ত গ্যাসের তীব্র গন্ধে শ্রমিকদের মধ্যে বমিভাব, মাথা ঘোরা ও শ্বাসকষ্ট শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৩০ জন সদস্য ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও অসুস্থদের হাসপাতালে স্থানান্তরের কাজ সম্পন্ন করেন। এই ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন এবং নিহতদের পরিবারপ্রতি দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। এ বিষয়ে রাজ্যের রাজ্যপালও গভীর সমবেদনা জানিয়েছেন।