দল যখন টাকা দিলই না, তবে ঋতব্রতর খরচের হিসাব কোথায়? কুণালের তোপে তোলপাড়!
তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিতর্ক ও দলীয় তহবিল নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী খরচের হিসাব প্রকাশ্যে এনে আক্রমণ শানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। শনিবার এক সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ দাবি করেন, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে জয়ের সময় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মোট খরচের প্রায় ২৫ লক্ষ টাকাই দেওয়া হয়েছিল দলের এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে। কুণাল ঘোষের অভিযোগ, যে দলের তহবিলের টাকায় ঋতব্রত নির্বাচনে লড়ে জয়ী হয়েছেন, সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলে এফআইআর দায়ের করা তাঁর চরম ‘দ্বিচারিতা’।
বিদ্রোহী বিধায়কদের তৎপরতায় তৃণমূলের ৩০০ কোটি টাকার বেশি তহবিল সংবলিত ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার প্রেক্ষাপটে এই মন্তব্য করেছেন কুণাল ঘোষ। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, যদি দলের ওই অর্থ অবৈধ হয়, তবে সেই অর্থ ব্যবহার করে জেতা নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে। তাই নৈতিকতার খাতিরে ঋতব্রতর অবিলম্বে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া, নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা দেওয়া এবং দলের নেওয়া ২৫ লক্ষ টাকা ফেরত দেওয়া উচিত। এ সময় তিনি সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের প্রসঙ্গ টেনে বলেন, যারা দলের টিকিটে জিতে ভিন্ন রাজনৈতিক পথ খুঁজছেন, তাদের পদত্যাগ করে শংসাপত্র ফেরত দেওয়া উচিত।