ভাড়াবাড়িতে থরে থরে স্কুল ড্রেস ও শাড়ি, গ্রেপ্তার প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর!
তমলুক পুরসভার প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর কানাইলাল দাসকে মঙ্গলবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করার পর আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, সম্প্রতি জনৈক এলাকাবাসীকে মারধরের অভিযোগের ঘটনার জেরেই এই গ্রেপ্তার হতে পারে বলে প্রশাসনিক মহলে জল্পনা তৈরি হয়েছে।
এর আগে কোলাঘাটে শুভেন্দু অধিকারীর সভার দিন কাউন্সিলর কানাইলাল দাসের একটি ভাড়াবাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর স্কুল পড়ুয়াদের পোশাক, শাড়ি, সরকারি ত্রিপল ও ধুতি উদ্ধার করে তদন্তকারীরা। এলাকায় প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত কানাইলাল একই সঙ্গে ১০ থেকে ১৫টি নার্সিংহোমের মালিক এবং নার্সিংহোম অ্যাসোসিয়েশনের অলিখিত সভাপতি হিসেবে পরিচিত। শহরের দলীয় সাংগঠনিক সিদ্ধান্তেও তাঁর বড় ভূমিকা ছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।