ট্রলারের ধাক্কায় ৫ মিনিটেই তলিয়ে গেল আস্ত লঞ্চ!
সোমবার রাত ৮টা নাগাদ দক্ষিণ ২৪ পরগনার নামখানায় হাতানিয়া-দোয়ানিয়া নদীতে একটি মাছ ধরার ট্রলারের সঙ্গে সংঘর্ষে ‘এম.ভি মা অজন্তা’ নামে একটি লঞ্চ তলিয়ে গেছে। কলকাতা থেকে গোসাবার উদ্দেশে রওনা হওয়া লঞ্চটি নামখানা মৎস্য বন্দর পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ‘এফবি করুণাময়ী’ নামের একটি ট্রলার সেটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় লঞ্চের একপাশ ক্ষতিগ্রস্ত হলে মাত্র ৫ থেকে ৭ মিনিটের মধ্যে সেটি নদীতে সম্পূর্ণ ডুবে যায়।
দুর্ঘটনার সময় লঞ্চটিতে চালকসহ মোট পাঁচজন কর্মী ছিলেন। স্থানীয় মৎস্যজীবী এবং কাছাকাছি থাকা একটি ট্যুরিস্ট লঞ্চের কর্মীদের তৎপরতায় ওই পাঁচজনকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা গেছে। ঘটনার খবর পেয়ে নামখানা থানার পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। বর্তমানে নদী থেকে লঞ্চটি তোলার কাজ চলছে এবং ট্রলার চালকের গাফিলতি বা কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।