‘পাপের প্রায়শ্চিত্ত করেছি’, সোনার বাংলা গড়ার ডাক শুভেন্দুর!
পশ্চিমবঙ্গ দিবস ও আন্তর্জাতিক যোগ দিবস পালনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি সুদীর্ঘ চিঠি পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রীর দফতরের লেটারহেডে পাঠানো এই চিঠিতে তিনি ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথা স্মরণ করার পাশাপাশি কাশ্মীর নীতি ও সিএএ (CAA) কার্যকর করায় মোদি সরকারের ভূয়সী প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রীকে সম্বোধন করে লেখা এই চিঠিতে রাজ্যে গত ১৫ বছরের দুর্নীতি ও অপশাসনের অবসান এবং বর্তমান পরিবর্তনের দাবিও তুলে ধরেছেন তিনি।
চিঠিতে শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন, ১৯৪৭ সালের ২০শে জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় হিন্দু বাঙালিরা আত্মনিয়ন্ত্রণের অধিকার পেয়েছিল। ২০১৯ সালে ৩৭০ ধারা বিলোপের মাধ্যমে মোদি সরকার কাশ্মীর নিয়ে শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করেছে এবং ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের মাধ্যমে পূর্বতন সরকারের ভুলের প্রায়শ্চিত্ত করা হয়েছে। এছাড়া, সিএএ-র মাধ্যমে নিপীড়িতদের নাগরিকত্ব প্রদানকে তিনি ‘ঈশ্বরের আশীর্বাদ’ বলে অভিহিত করেছেন। ২০২৬ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’ গানের সার্ধশতবর্ষ ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবর্ষের উল্লেখ করে তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাজ্যে ‘সোনার বাংলা’ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।