কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! প্রাণ হারালেন ১৩ জন, শোকের ছায়া ভারতে
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে অবস্থিত বারজান গ্যাস সরবরাহ কেন্দ্রে সোমবার সন্ধ্যায় এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং ৬৬ জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এতই প্রবল ছিল যে, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে রাজধানী দোহাতেও এর প্রভাব অনুভূত হয় এবং অনেক ভবন ও অফিসের জানালার কাচ ভেঙে যায়। কাতার প্রশাসনের পক্ষ থেকে এটিকে একটি ‘প্রযুক্তিগত দুর্ঘটনা’ হিসেবে অভিহিত করা হয়েছে।
হতাহতদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাস। দূতাবাস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে যে, তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে আহতদের খোঁজ নিচ্ছে এবং নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছে। এদিকে, চলতি বছরের মার্চ মাসে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত প্রকল্পটির পরিকাঠামো পুনরায় চালু করার প্রক্রিয়ার সময় এই বিপর্যয় ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।