কৃষকদের ভাগ্য ফেরাল বাজেট, উত্তরবঙ্গে এবার ‘স্পাইস হাব’!
কৃষকদের জন্য বড় ঘোষণা রাজ্য বাজেটে, ধানের সহায়ক মূল্য বৃদ্ধি ও ১১ হাজার কোটি বরাদ্দ তিস্তা ব্যারেজে
কৃষিখাতকে রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড হিসেবে বিবেচনা করে ২০২৬ সালের রাজ্য বাজেটে কৃষকদের জন্য একগুচ্ছ বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নতুন বাজেটে ধানচাষিদের জন্য সরাসরি সহায়কমূল্যে ধান কেনার ঘোষণা করা হয়েছে, যেখানে খারিফ মরশুমে প্রতি কুইন্টালে অতিরিক্ত ২০০ টাকা ইনসেনটিভ দেওয়ায় এখন থেকে কুইন্টাল প্রতি ৩,১০০ টাকা দরে ধান কিনবে রাজ্য সরকার। অন্যদিকে, আলুচাষিদের সহায়তায় প্রতি কুইন্টালে অতিরিক্ত ২০০ টাকা প্রদান, উচ্চ মানের বীজের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ এবং কোল্ড স্টোরেজ তৈরিতে ৩৫ শতাংশ ভর্তুকির ঘোষণা করা হয়েছে।
বিদ্যুৎ খরচ কমাতে সাবমার্সিবল পাম্প ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিটে ২ টাকা ভর্তুকি ঘোষণা করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের সেচ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে তিস্তা ব্যারেজ প্রকল্পে ১১,০০০ কোটি টাকা এবং নিকাশি ব্যবস্থার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি, পিএম কিষান প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সহায়তার অতিরিক্ত হিসেবে রাজ্যের কৃষক পরিবারগুলোকে বছরে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করা হয়েছে। ফসল বিমার আওতায় ১৬টি ফসলকে অন্তর্ভুক্ত করা এবং উত্তরবঙ্গে মসলা চাষের প্রসারে আধুনিক ‘স্পাইস হাব’ গড়ে তোলার পাশাপাশি আম ও ফুলচাষের বিকাশেও কয়েক দফায় বড় আকারের বাজেট বরাদ্দ করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে ১০০ কোটি টাকার স্টেট প্রাইস স্ট্যাবিলাইজেশন ফান্ড গঠনের কথাও জানানো হয়েছে।