রাজ্য বাজেটে মহিলাদের জয়জয়কার, আর্থিক সুরক্ষা ও কর্মসংস্থানে বড় চমক!

নতুন রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে নারী ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পেশ করা এই বাজেটে মহিলাদের আর্থিক স্বাধীনতা, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে একগুচ্ছ নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। নির্বাচনে দেওয়া নারী সুরক্ষা ও উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই সরকার এই বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’ চালু করা হচ্ছে, যার আওতায় প্রতি মাসে ৩ হাজার টাকা করে দেওয়া হবে এবং এর জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি বিধবা ভাতা ১,৫০০ টাকায় উন্নীত করা এবং আশাকর্মীদের বেতন ৫ হাজার টাকা বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। স্বাস্থ্যখাতে অন্তঃসত্ত্বা ও প্রসূতি মায়েদের জন্য ২১ হাজার টাকা সহায়তা ও পুষ্টি কিট প্রদানের পাশাপাশি পরিবারপিছু ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও, মহিলাদের বিনামূল্যে বাস যাতায়াতে ৫৫০ কোটি টাকা বরাদ্দ এবং ‘পিঙ্ক কার্ড’ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে স্নাতক স্তরে ভর্তি হওয়া অবিবাহিত ছাত্রীদের এককালীন ৫০ হাজার টাকা প্রদান এবং রাজ্যের সরকারি চাকরিতে ৩৩ শতাংশ বা প্রায় ৩৩ হাজার পদ মহিলাদের জন্য সংরক্ষণের ঘোষণা দেওয়া হয়েছে। নারী নিরাপত্তার স্বার্থে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ গঠন, মাতঙ্গিনী হাজরা ও রানি শিরোমণির নামে দু’টি মহিলা ব্যাটালিয়ন তৈরি এবং প্রতিটি মহকুমায় মহিলা পরিচালিত থানা ও নারী সহায়তা ডেস্ক গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া স্বনির্ভরতার জন্য ক্লাউড কিচেন নীতি এবং ২ লক্ষ যুবক-যুবতীর জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত বিশেষ ঋণের সুবিধা ঘোষণা করেছে সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *