দার্জিলিংয়ে প্যারাগ্লাইডিং আর ঝাড়গ্রামে টাইগার সাফারি, পর্যটনে এল বিরাট চমক!
পর্যটন শিল্প ও দুর্গোৎসবের প্রসারে রাজ্য বাজেটে একগুচ্ছ অভিনব উদ্যোগ
কলকাতা: রাজ্যের পর্যটন শিল্পকে ঢেলে সাজাতে এবং বিশ্বমঞ্চে তুলে ধরতে সোমবার রাজ্য সরকারের প্রথম বাজেটে একগুচ্ছ বড় চমক দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। দুর্গাপুজোকে কেন্দ্র করে পর্যটনের আলাদা ব্র্যান্ডিংয়ের পাশাপাশি পাহাড়, জঙ্গল এবং সুন্দরবনের উন্নয়নে একাধিক নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে। সরকারের এই ‘ট্যুরিজম মাস্টার প্ল্যান’-এর মাধ্যমে বাংলার পর্যটন মানচিত্রে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাজেটে ঘোষিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দার্জিলিং ও ডুয়ার্সে অ্যাডভেঞ্চার ট্যুরিজমের প্রসার, ঝাড়গ্রাম চিড়িয়াখানায় ২৫ কোটি টাকা ব্যয়ে টাইগার সাফারি এবং সুন্দরবনে ভাসমান গ্ল্যাম্পিংসহ ইকো-রিসোর্টের ব্যবস্থা। এছাড়া দুর্গাপুজোকে বিশ্বজনীন উৎসব হিসেবে তুলে ধরতে বিশেষ বিশ্বজোড়া ব্র্যান্ডিং ও ডিজিটাল গাইডের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে কালীঘাট, তারাপীঠ ও কঙ্কালীতলাসহ সতীপীঠগুলো নিয়ে ‘বেঙ্গল শক্তিপীঠ সার্কিট’ গঠন, অযোধ্যা পাহাড় ও সংলগ্ন এলাকায় ‘ইন্টিগ্রেটেড ট্যুরিজম সার্কিট’ তৈরি এবং গঙ্গাসাগরসহ রাজ্যের বিভিন্ন মেলাকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে উন্নীত করার প্রস্তাব রাখা হয়েছে। ঐতিহ্যবাহী স্থানগুলোর রক্ষণাবেক্ষণের জন্য একটি নতুন ‘হেরিটেজ কমিশন’ গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।