জমি বিবাদে কুড়ুলের কোপ, পঙ্কজ ত্রিপাঠীর দাদার ওপর প্রাণঘাতী হামলা!
বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর বড় দাদা বিজয়েন্দ্রনাথ তিওয়ারির ওপর বিহারের গোপালগঞ্জে প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে। গত ২১ জুন মাধবপুর থানা এলাকার বেলসণ্ড তিওয়ারি টোলার নিজ বাড়িতে পুরনো জমি সংক্রান্ত বিবাদের জেরে প্রতিবেশী রাজেশ শাহ ধারালো কুড়াল দিয়ে তাঁর ওপর চড়াও হন। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলেও, শারীরিক অবস্থার অবনতি ঘটায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য পাটনায় স্থানান্তর করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং তাঁর অবস্থা স্থিতিশীল।
ঘটনার খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ও এসডিপিও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলার কাজে ব্যবহৃত কুড়াল এবং অভিযুক্তের রক্তমাখা পোশাক উদ্ধার করেছে। মূল অভিযুক্ত রাজেশ শাহকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পুরো ঘটনার তদন্তের জন্য ফরেনসিক বিশেষজ্ঞ দলকেও তলব করা হয়েছিল। বর্তমানে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।