চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা! কাঠগড়ায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত
রাজ্যে সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার একটি মামলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুলিশ। মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধে ডেবরা থানায় দায়ের হওয়া একটি প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সুমিতের নাম উঠে আসে। এছাড়া শালবনির অপর একটি মামলায় সুমিত রায়ের খোঁজে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি ইতিমধ্যে লুকআউট সার্কুলার জারি করেছে। একের পর এক এই আইনি জটিলতায় সুমিতের ওপর চাপ ক্রমশ বাড়ছে।
তদন্তকারী সূত্রে জানা গেছে, প্রসেনজিৎ রায় নামের এক যুবক গত ১৬ জুন ডেবরা থানায় অভিযোগ করেন যে, সুজয় হাজরা ১২টি সরকারি পদে চাকরির নামে মাথাপিছু সাড়ে তিন লক্ষ টাকা দাবি করেছিলেন এবং অগ্রিম হিসেবে ১২ লক্ষ টাকা নিয়েছেন। ভুক্তভোগীদের দাবি, চাকরির প্রলোভন দেখিয়ে তাঁদের নবান্ন, খাদ্য ভবন ও বিকাশ ভবনে নিয়ে গিয়ে ভুয়া মেডিক্যাল পরীক্ষাও করানো হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সুজয় হাজরা পরবর্তী পর্যায়ে আরও টাকা দাবি করে জানান যে, সেই অর্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে দিতে হবে। টাকা লেনদেনের পর চাকরিপ্রার্থীদের হাতে ভুয়া নিয়োগপত্র ধরিয়ে দেওয়া হয় এবং টাকা ফেরত চাইলে তাঁদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। বর্তমানে সুমিত রায়ের হদিস পেতে পুলিশ ও সিআইডি যৌথভাবে তল্লাশি তৎপরতা জোরদার করেছে।