বাজেটে ডিএ নিয়ে বড় ঘোষণা, সুখবর পেলেন রাজ্য সরকারি কর্মীরা!
রাজ্য বিধানসভায় আজ নতুন সরকারের প্রথম বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। নির্বাচনে জয়ের পর নতুন সরকার গঠনের এটিই প্রথম বাজেট হওয়ায় রাজ্যের মানুষের নজর এখন অর্থমন্ত্রীর ভাষণের দিকে। বিশেষ করে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘভাতা (ডিএ) ও সপ্তম বেতন কমিশন কার্যকর হওয়া নিয়ে জোর জল্পনা চলছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের যে তৎপরতা দেখিয়েছে, তার ধারাবাহিকতায় এই বাজেট থেকে বড় কোনো ঘোষণা আসবে কি না, তা নিয়ে আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা।
বর্তমানে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতার মধ্যে ৩৬ শতাংশের বিশাল ফারাক রয়েছে। রাজ্যের কর্মীরা ২২ শতাংশ হারে ডিএ পাচ্ছেন, যেখানে কেন্দ্রীয় হারে তা ৫৮ শতাংশ। এর পাশাপাশি ৪২ শতাংশ বকেয়া ডিএ নিয়েও দীর্ঘদিনের জটিলতা রয়েছে। সংগ্রামী যৌথমঞ্চের দাবি, প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এবং ভবিষ্যতেও অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী মহার্ঘভাতা প্রদান করতে হবে। এছাড়া, নতুন সরকারের মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকেই সপ্তম বেতন কমিশনের প্রস্তাবে সায় দেওয়া হয়েছিল। এখন এবারের বাজেটে এসব প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন ও আর্থিক বরাদ্দের প্রতিফলন ঘটে কি না, সেটিই এখন দেখার বিষয়।