শান্তি বৈঠকের মাঝেই ট্রাম্পকে চরম হুঁশিয়ারি, হামলা হলে যোগ্য জবাব দেবে ইরান!
সুইৎজ়ারল্যান্ডের জেনেভায় চার মাসের সংঘাত নিরসনে আমেরিকা ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনার মাঝেই দুই দেশের শীর্ষ নেতৃত্বের নতুন করে বাগ্যুদ্ধ শুরু হয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঙ্কার এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার জেরে এই মেগা শান্তি বৈঠক আপাতত স্থগিত করা হয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, ইরানি প্রতিনিধিদল আমেরিকান প্রতিনিধিদের সঙ্গে যৌথ ছবি তোলা থেকে বিরত থেকেছে এবং আলোচনার মাঝেই প্রতিবাদস্বরূপ সাময়িকভাবে কক্ষ ত্যাগ করেছে।
উত্তেজনার সূত্রপাত ঘটে রবিবার ট্রাম্পের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে, যেখানে তিনি লেবাননের প্রক্সি গোষ্ঠীগুলোকে অর্থায়ন বন্ধ না করলে ইরানের ওপর আরও কঠোর হামলার হুমকি দেন। পাশাপাশি ৬০ দিনের মধ্যে সমঝোতা না হলে হরমুজ প্রণালীতে টোল বসানোর হুঁশিয়ারিও দেন তিনি। এর জবাবে ইরানের প্রধান আলোচক মহম্মদ বাকের গালিবাফ ট্রাম্পকে শব্দ চয়নে সতর্ক থাকার পরামর্শ দিয়ে জানান, যেকোনো হামলার জবাব দিতে ইরান প্রস্তুত। শান্তি চুক্তির ক্ষেত্রে লেবানন ইস্যু অন্যতম প্রধান বাধা হিসেবে দাঁড়িয়েছে, যেখানে ইরান ইজরায়েলের হামলা বন্ধের দাবি জানালেও ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন। বৈঠকটি পুরোপুরি বাতিল না হলেও, দুই দেশের এই বাক্যুদ্ধের ফলে শান্তি চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।