জামাইষষ্ঠীর আনন্দ মুহূর্তেই ছাই, সিলিন্ডার বিস্ফোরণে ভস্মীভূত শ্বশুরবাড়ি!
বনগাঁয় জামাইষষ্ঠীর রান্নায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ভস্মীভূত বাড়ি
রবিবার দুপুরে বনগাঁ থানার কুটিবাড়ি খাসপাড়া এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বদলানোর সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিন দুপুরে চার জামাই মিলে শ্বশুরবাড়িতে রান্নার কাজ করছিলেন। রান্নার মাঝপথে গ্যাস ফুরিয়ে গেলে নতুন সিলিন্ডার সংযোগ করার সময় আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকাজুড়ে আতঙ্ক ছড়ায়।
ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত তৎপর হয়ে জ্বলন্ত বাড়ি থেকে গ্যাসের সিলিন্ডারগুলি বের করে পাশের পুকুরে ফেলে দেন, যার ফলে বড়সড় বিস্ফোরণের হাত থেকে রক্ষা পাওয়া যায়। পরে দমকলের দুটি ইঞ্জিন এসে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সরু গলির কারণে দমকল কর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়। আগুনে বাড়ির সমস্ত মূল্যবান আসবাবপত্র ও সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে। সিলিন্ডারটি কীভাবে লিক করেছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে দমকল বাহিনী।