কলকাতায় এবার ‘গোপাল মুখার্জি রোড’, ইতিহাসের পাতায় বড় বদল!
পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে কলকাতা পুরসভা শহরের পার্ক সার্কাস থেকে কসাইপাড়া লেন পর্যন্ত বিস্তৃত ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’-এর নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জি রোড’ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই ঐতিহাসিক নামবদল নিয়ে ইতিমধ্যে বিভিন্ন মহলে শোরগোল পড়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তকে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সংশোধন হিসেবে অভিহিত করে পুরসভাকে সাধুবাদ জানিয়েছেন।
‘গোপাল পাঁঠা’ নামে পরিচিত গোপাল মুখার্জি ১৯১৩ সালের ৭ সেপ্টেম্বর বৌবাজারের মলঙ্গা লেনে জন্মগ্রহণ করেন। কলেজ স্ট্রিটে মাংসের দোকান চালানোর পাশাপাশি তিনি কুস্তির প্রতি আগ্রহী ছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত ছিলেন। ১৯৪৬ সালের দাঙ্গার সময় তিনি ‘ভারত জাতীয় বাহিনী’ গঠন করে সাধারণ হিন্দুদের রক্ষায় ভূমিকা পালন করেন। জীবনের শেষভাগে সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগ করা গোপাল মুখার্জি ২০০৫ সালের ১০ ফেব্রুয়ারি নিজস্ব বাসভবনে মৃত্যুবরণ করেন।