জব কার্ড আদায়ে মরিয়া নন্দীগ্রামের মানুষ, বিধায়কের বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ!
নন্দীগ্রামে ১০০ দিনের কাজের পুরোনো জব কার্ড আটকে রাখার অভিযোগে এক তৃণমূল নেত্রী তথা সুপারভাইজারের বাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের খোদামবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের আমড়াতলা ১০০ নম্বর বুথ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, কাজের প্রলোভন দেখিয়ে সুপারভাইজার মঞ্জুরি গিরি দীর্ঘদিন ধরে তাঁদের জব কার্ড নিজের কাছে আটকে রেখেছেন। বর্তমানে এলাকায় ফের কাজ শুরু হলেও কার্ড হাতে না থাকায় উপভোক্তারা বঞ্চিত হচ্ছেন। জব কার্ড ফেরত চাইতে গেলে ওই নেত্রী তাঁদের ভোট সংক্রান্ত বিষয়ে কটাক্ষ করেছেন বলেও গ্রামবাসীদের অভিযোগ।
অভিযুক্ত সুপারভাইজার মঞ্জুরি গিরি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি জানান, কোনো জব কার্ড আটকে রাখা বা টাকা আত্মসাতের সঙ্গে তিনি জড়িত নন। এদিকে, দীর্ঘক্ষণ ধরে চলা এই বিক্ষোভের জেরে এলাকায় উত্তজনার সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পুলিশ ও স্থানীয় প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখছে।