তৃণমূলকে বড় ধাক্কা, দল ছাড়লেন মোশারফ!
ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের তৃণমূলের দলীয় পদ থেকে পদত্যাগ
তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। রবিবার নিজের বাসভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। বিধায়ক জানিয়েছেন, ব্যক্তিগত কারণ ও মায়ের অসুস্থতার পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে কর্মীদের পাশে দাঁড়াতে না পারার কারণেই তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন। গত শুক্রবার তাঁকে বিধানসভাতেও দেখা যায়নি।
মোশারফ হোসেনের এই পদত্যাগে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই ‘টিম-ঋতব্রত’-র সঙ্গে তাঁর কথাবার্তা হয়েছে। একই সঙ্গে, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসাও করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন নেতা হিসেবে পরিচিত মোশারফের এই সিদ্ধান্তে তৃণমূলের অন্দরে অস্বস্তি বেড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।