মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই থমকে গেল শহর, জলমগ্ন আরজি কর!
রবিবার সকালে কলকাতার আকাশ মেঘলা থাকলেও বেলা বাড়তেই ঘণ্টাখানেকের প্রবল কালবৈশাখী ও বৃষ্টিতে কার্যত স্তব্ধ হয়ে পড়ে শহর। এই ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের চাঁদনি চক এলাকায় বড় গাছ ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়লে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এছাড়া পাটুলি, যাদবপুর, কসবা, শিয়ালদহ এবং কাঁকুরগাছির একাংশ জলমগ্ন হয়ে পড়ে, পাশাপাশি আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভেতরেও জল ঢুকেছে। ছুটির দিন হওয়ায় অফিস ও স্কুল-কলেজ বন্ধ থাকায় বড় যানজট না হলেও, দেশজুড়ে আয়োজিত নিট (NEET) রি-টেস্ট দিতে যাওয়া পরীক্ষার্থীরা প্রবল ভোগান্তির মুখে পড়েন।
এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার জন্য এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলা ও কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস রয়েছে। উল্লেখ্য, এদিন সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেড রোডে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিলেও সেই সময় শহরে বৃষ্টি ছিল না।