ভয়ংকর পথ দুর্ঘটনা! বাস ও ট্রেলারের সংঘর্ষে ঝরল ৫ প্রাণ
জলপাইগুড়ির ময়নাগুড়িতে রবিবার সকালে একটি দ্রুতগতির সরকারি বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রেলারের সংঘর্ষে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঘটনাস্থলেই অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এছাড়া আরও প্রায় ২৯ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন, যাদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একটি শিশু ও দুই মহিলার অবস্থা আশঙ্কাজনক।
শিলিগুড়ি থেকে কোচবিহারগামী বাসটি উল্লা ডাবরি ফ্লাইওভারের কাছে পৌঁছালে বৃষ্টির কারণে পিচ্ছিল রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বৃষ্টির জেরে রাস্তা পিচ্ছিল থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।