রবিবার যোগ দিবসে না গেলে বড় স্বস্তি, সরকারি কর্মীদের জন্য এল সুখবর!
আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে রাজ্য সরকারি কর্মচারীদের অংশগ্রহণ বাধ্যতামূলক নয় বলে কলকাতা হাইকোর্টে জানাল রাজ্য সরকার। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্যের তরফে স্পষ্ট করা হয় যে, যোগ দিবসের অনুষ্ঠানে যোগ না দিলে কোনো সরকারি কর্মচারীর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে না। রাজ্য কোঅর্ডিনেশন কমিটির দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে এই তথ্য জানায় সরকার। রাজ্যের দাবি, শুধুমাত্র কর্মচারীদের উৎসাহ দেওয়ার উদ্দেশ্যেই ওই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, কাউকে বাধ্য করা সরকারের লক্ষ্য নয়। এই ব্যাখ্যার পরই আদালত মামলাটি নিষ্পত্তি করে দেয়।
২১ জুন যোগ দিবসকে ঘিরে রাজ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিত থাকার কথা রয়েছে। শুক্রবার এই মেগাউৎসবের অঙ্গ হিসেবে কলকাতায় একটি হাফ ম্যারাথনের আয়োজন করা হয়, যেখানে মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট ক্রীড়াবিদরা অংশ নেন। মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, এবারের যোগ দিবসে ৫০০টি নৌকায় যোগাসন এবং আকর্ষণীয় ড্রোন শো-এর মতো বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সাধারণ সরকারি কর্মচারীদের জন্য নিয়ম শিথিল থাকলেও, স্বাস্থ্য দপ্তরের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের সমস্ত আয়ুর্বেদিক হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও ডিসপেনসারির কর্মী ও পড়ুয়াদের নিজ নিজ প্রতিষ্ঠানে আয়োজিত যোগাভ্যাস কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে।