২০ বছর পর নাটকীয় মোড়, পদ্মসিংহ পাটিলের খালাসে তোলপাড়!
২০০৬ সালে কংগ্রেস নেতা পবনরাজে নিম্বলকর হত্যা মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পদ্মসিংহ পাটিলসহ আট অভিযুক্তকেই নির্দোষ ঘোষণা করেছেন মুম্বাইয়ের বিশেষ আদালত। দীর্ঘ বিশ বছর ধরে চলা আইনি প্রক্রিয়া ও ১২০ জনেরও বেশি সাক্ষীর বয়ান রেকর্ড করার পর শনিবার বিচারক এস আর নাভান্দর এই রায় প্রদান করেন। সিবিআইয়ের পেশ করা তথ্য-প্রমাণ ও ষড়যন্ত্রের যোগসূত্র প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত অভিযুক্তদের বেকসুর খালাস দিয়েছে। তবে সিবিআই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারে বলে জানা গেছে।
২০০৬ সালের ৩ জুন নভি মুম্বাইয়ের কালাম্বোলিতে গুলি করে হত্যা করা হয় ওসমানাবাদের কংগ্রেস নেতা পবনরাজে নিম্বলকর ও তাঁর গাড়ি চালককে। ওসমানাবাদের রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছিল বলে অভিযোগ ছিল। ২০০৯ সালের চার্জশিটে সিবিআই দাবি করেছিল, পদ্মসিংহ পাটিলের নির্দেশে ৩০ লক্ষ টাকা সুপারি দিয়ে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। বর্তমানে নিহত পবনরাজের ছেলে ওমরাজে নিম্বলকর শিবসেনার (ইউবিটি) সাংসদ। এই রায়ের ফলে ওমরাজে নিম্বলকরের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ এবং মহারাষ্ট্রের বর্তমান রাজনৈতিক সমীকরণে কী প্রভাব পড়ে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।