ভদ্রতাকে দুর্বলতা ভাবলে খবর আছে, শাসকদলকে চরম হুঁশিয়ারি সুকান্তর!
রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি ও তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা সুকান্ত মজুমদার। এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামী দিনে রাজ্যে বড় ধরনের রদবদল দেখা যাবে, যা শাসক দল তৃণমূল কংগ্রেসের অস্তিত্বকেই সংকটের মুখে ফেলে দিতে পারে। বিশেষ করে বজবজের সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার জন্য তৃণমূলের অভ্যন্তরীণ কর্মকাণ্ডকে দায়ী করেছেন তিনি।
বজবজের ঘটনা প্রসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সুকান্ত অভিযোগ করেন, তৃণমূলের লোকেরাই ওই এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। ফলতার নেতা জাহাঙ্গীর খানের স্ত্রী সরিনা বিবির গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করে তিনি জানান, চক্রান্ত করে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার কারণেই আইন নিজের পথে চলেছে। পাশাপাশি, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনার কথা জানিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস ও প্রকৃত অবদানকারীদের কথা শিক্ষার্থীদের জানার স্বার্থে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। এছাড়া বিধানসভার অভ্যন্তরীণ সমীকরণ এবং প্রধানমন্ত্রীর দেখানো পথে জনকল্যাণমুখী বাজেট বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।