তারকেশ্বর থেকে বড় ঘোষণা, সরকারি চাকরিতে মিলবে বয়সের ছাড়!
রাজ্যের দুদিনের সফরে এসে তারকেশ্বরের এক জনসভা থেকে একগুচ্ছ নতুন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এই মঞ্চ থেকে তিনি রাজ্যের কর্মসংস্থান সৃষ্টি ও সরকারি প্রকল্প নিয়ে একাধিক বড় ঘোষণা করেছেন। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী, রাজ্যে নতুন সরকার গঠনের পর সরকারি চাকরিতে বয়সের ঊর্ধ্বসীমা শিথিল করার প্রস্তাবে চূড়ান্ত সিলমোহর দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর পাশাপাশি পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী রেল, কৃষি ও মৎস্য পালন সংক্রান্ত প্রায় ৮২০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি ‘আয়ুষ্মান ভারত’ এবং ‘অন্নপূর্ণা যোজনা’র কাজ সফলভাবে শুরু হওয়ার কথাও উল্লেখ করেন। এছাড়া রাজ্যে সিন্ডিকেটরাজ ও কাটমানি সংস্কৃতির অবসান ঘটিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং তাদের থেকে সরকারি অর্থ পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও তিনি জানান।