তারকেশ্বর থেকে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠালেন মোদী!
পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের বিশেষ মুহূর্তে তারকেশ্বরের এক জনাকীর্ণ সভামঞ্চ থেকে রাজ্যে একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার আয়োজিত এই মেগা কর্মসূচিতে প্রধানমন্ত্রী দেশের ৯.৪৪ কোটি কৃষকের অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মাননিধির ২৩তম কিস্তির মোট ১৮,৮৮০ কোটি টাকা সরাসরি স্থানান্তর করেছেন। অনুষ্ঠানমঞ্চে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল আরএন রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
গ্রামীণ অর্থনীতি ও কৃষির উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-৩ এর আওতায় ৩১৫ কিলোমিটার দীর্ঘ ৪৯টি নতুন সড়ক প্রকল্পের উদ্বোধন করেছেন। পাশাপাশি মৎস্য চাষের প্রসারে দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জে আধুনিক মৎস্য বন্দর এবং বীরভূমের সাঁইথিয়ায় একটি আধুনিক মৎস্য বাজারের সূচনা করা হয়েছে। এছাড়া নদিয়ার হরিঘাটায় প্রাণিসম্পদ বিকাশের লক্ষ্যে একটি ল্যাবরেটরি ও সিমেন ব্যাঙ্ক স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে হাওড়ায় ৩০০ শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক ডিভিশনাল হাসপাতাল, সাঁকরাইল-সাঁতরাগাছি লিঙ্ক লাইন এবং পশ্চিম মেদিনীপুরের রাধামোহনপুর ও হাউরের মধ্যে ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।