তারকেশ্বরে প্রধানমন্ত্রীর মেগা উপহার, রাজ্য পেল একাধিক নতুন প্রকল্প!
পশ্চিমবঙ্গ দিবস উদযাপন উপলক্ষে তারকেশ্বরে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি, গ্রামীণ পরিকাঠামো এবং স্বাস্থ্যখাতে রাজ্যের জন্য একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের ২৩ তম কিস্তির আওতায় ৯.৪৪ কোটি উপভোক্তার অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা হস্তান্তরের পাশাপাশি এদিন ডিজিটাল কৃষি মিশন, প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা-৩ এর অন্তর্গত ৩১৫ কিলোমিটার নতুন রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে।
কৃষির পাশাপাশি মৎস্য, পশুপালন এবং রেল পরিকাঠামো উন্নয়নেও বড় ধরনের বিনিয়োগ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ফ্রেজারগঞ্জে আধুনিক মৎস্য বন্দর, সাঁইথিয়ায় মৎস্য বাজার, হরিঘাটায় ছাগল প্রতিপালন ল্যাবরেটরি ও সিমেন ব্যাংক অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া হাওড়ায় রেলের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং হাউর ও রাধামোহনপুরের মধ্যে ওভারব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। তারকেশ্বরের এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে বাংলার ঐতিহ্যবাহী উপহার সামগ্রীর মাধ্যমে তাঁকে অভ্যর্থনা জানানো হয়।