দীর্ঘ সংঘাতের পর কি গলতে শুরু করল ভারত-চিন সম্পর্কের বরফ!
ছয় বছরের দীর্ঘ সীমান্ত উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থা কাটিয়ে ভারত-চিন সম্পর্ক ফের স্বাভাবিক হওয়ার পথে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে শীঘ্রই ভারত সফরে আসতে চলেছেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই। ২০২০ সালের গালওয়ান উপত্যকায় দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে চলা পারস্পরিক অবিশ্বাসের প্রেক্ষাপটে এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
২০২০ সালের জুনের ওই সংঘর্ষের পর দুই দেশ সীমান্তে বিপুল সেনা মোতায়েন এবং বাণিজ্যিক বিধিনিষেধের মতো কঠোর অবস্থানে ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক সামরিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সীমান্তে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছে। চিনের বিদেশমন্ত্রীর আসন্ন এই সফরে সীমান্ত বিরোধ নিষ্পত্তি, দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি দূর করা, আঞ্চলিক নিরাপত্তা এবং আটকে থাকা সরাসরি বিমান পরিষেবা চালুর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনার মূল এজেন্ডা হতে পারে। এই সংলাপ সফল হলে তা এশীয় ভূ-রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পথ প্রশস্ত করতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল।