সাবধান, আসছে ভয়াবহ দুর্যোগ! ৩ দিন থাকবে চরম আতঙ্ক
মৌসুমী বায়ুর প্রবল সক্রিয়তায় রাজ্যজুড়ে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পাঞ্জাব থেকে বিহার হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত শক্তিশালী মৌসুমী অক্ষরেখার প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পরিস্থিতির গুরুত্ব বিচার করে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আগামী তিন দিনের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী তিন দিন লাল সতর্কতা বহাল থাকবে এবং কোচবিহারে চরম ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ডুয়ার্স অঞ্চলে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশঙ্কায় নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও সিকিমে কমলা সতর্কতা জারি করা হয়েছে, যেখানে পাহাড়ি এলাকায় হড়পা বানের আগাম সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় যেমন—হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় রবিবার ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।