অফিসে এআই ব্যবহার না করলে চাকরি হারানোর ঝুঁকি বাড়ছে তিন গুণ!
কর্মক্ষেত্রে এআই ব্যবহারের দক্ষতা না থাকলে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ: সমীক্ষা
বর্তমান কর্মক্ষেত্রে নিজেদের টিকিয়ে রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহারের দক্ষতা এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। গ্যালাপের সাম্প্রতিক এক আন্তর্জাতিক সমীক্ষায় উঠে এসেছে যে, নিয়মিত এআই টুল ব্যবহারকারীদের তুলনায় যারা এআই ব্যবহারে অভ্যস্ত নন, তাদের চাকরি হারানোর আশঙ্কা প্রায় তিন গুণ বেশি। ২৩ হাজার মার্কিন কর্মীর ওপর চালানো এই গবেষণায় দেখা গেছে, প্রযুক্তি খাতে যারা মাসে অন্তত একবার এআই টুল ব্যবহার করেন, তাদের চাকরি হারানোর ঝুঁকি মাত্র ৬ শতাংশ। অন্যদিকে, যারা এই প্রযুক্তি ব্যবহার করেন না, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি বেড়ে ১৮ শতাংশে পৌঁছায়।
চাকরি হারানোর কারণ নিয়ে কর্মী ও নিয়োগকর্তাদের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের ফারাক লক্ষ্য করা গেছে। সমীক্ষায় দেখা যায়, চাকরিচ্যুত কর্মীদের মাত্র ১ শতাংশ মনে করেন তাদের ছাঁটাইয়ের পেছনে এআই দায়ী, যেখানে অধিকাংশ কর্মীর ধারণা কোম্পানিগুলোর খরচ কমানোর প্রবণতাই এর মূল কারণ। তবে ভিন্ন চিত্র দেখা গেছে কর্পোরেট বিশ্লেষণে; ‘চ্যালেঞ্জার, গ্রে অ্যান্ড ক্রিসমাস ইনকরপোরেটেড’-এর তথ্যানুযায়ী, সাম্প্রতিক সময়ে কোম্পানিগুলোতে হওয়া মোট ছাঁটাইয়ের প্রায় ৪০ শতাংশের পেছনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এআই দক্ষতার অভাব কাজ করেছে। ফলে কর্মক্ষেত্রে প্রথাগত ডিগ্রির চেয়ে বাস্তবমুখী প্রযুক্তিগত যোগ্যতার গুরুত্ব এখন অনেক বেশি।