নিট পরীক্ষা ঘিরে নজিরবিহীন তৎপরতা, আকাশে বায়ুসেনার কপ্টার!

মে মাসে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর বাতিলের প্রেক্ষিতে আগামী ২১ জুন দেশজুড়ে পুনরায় পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। পরীক্ষাটি সম্পূর্ণ ত্রুটিহীন ও নিশ্ছিদ্রভাবে সম্পন্ন করতে শনিবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত দেশজুড়ে এক বিশাল মক ড্রিল বা মহড়ার আয়োজন করা হয়েছে। প্রশ্নপত্র ডেলিভারি থেকে শুরু করে উত্তরপত্র সংগ্রহ পর্যন্ত প্রতিটি ধাপ যাচাই করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রাখতে এবার ভারতীয় বায়ুসেনার সহায়তা নেওয়া হচ্ছে, পাশাপাশি স্থলপথে প্রশ্নপত্র পরিবহন ও সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে প্রায় ১৫ হাজার আধাসামরিক বাহিনীকে।

দেশের ৫৫১টি শহর ও ১৪টি আন্তর্জাতিক লোকেশনের ৫,৫০০টি পরীক্ষাকেন্দ্রকে ‘হাই-সিকিউরিটি জোন’ হিসেবে চিহ্নিত করে সেখানে জেলা প্রশাসন, রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সমন্বয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। প্রযুক্তিগত জালিয়াতি ঠেকাতে ১৫ হাজার সিগন্যাল জ্যামার বসানো হয়েছে এবং পুরো প্রক্রিয়ার ওপর নজরদারির জন্য দেড় লক্ষ সিসিটিভি ক্যামেরা সরাসরি এনটিএ-র কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত করা হয়েছে। এবারের পরীক্ষায় মোট ২২.৮ লক্ষ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন, যাদের সুবিধার জন্য বিভিন্ন রাজ্যে বিশেষ যাতায়াত ব্যবস্থার ঘোষণা করা হয়েছে এবং ইতিমধ্যে ১৮.৫ লক্ষেরও বেশি পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *