ইউপিআই দিয়ে নিমেষেই তুলুন পিএফের টাকা, জেনে নিন সহজ পদ্ধতি!
প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) জমানো টাকা তোলার প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করতে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) সঙ্গে যৌথ উদ্যোগে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে ইপিএফও। ‘ইপিএফও ৩.০’-এর অধীনে এখন থেকে ইউপিআই (UPI)-এর মাধ্যমেই গ্রাহকরা তাদের জমানো টাকা তুলতে পারবেন। এই উদ্যোগের ফলে সাধারণ চাকরিজীবীদের অর্থ তোলার দীর্ঘসূত্রতা কমবে এবং জরুরি প্রয়োজনে ঝামেলাহীনভাবে অর্থ পাওয়া সম্ভব হবে।
ইউপিআই-এর মাধ্যমে টাকা তোলার জন্য গ্রাহককে প্রথমেই ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের (UAN) সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে। এরপর ইপিএফও মেম্বার পোর্টালে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আইএফএসসি কোড যাচাই করে নিতে হবে। গ্রাহকের আধার কার্ড, প্যান কার্ড এবং পিএফ রেকর্ডের সমস্ত তথ্যে সামঞ্জস্য থাকা বাধ্যতামূলক। এছাড়া, লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই আইডি সেট আপ এবং ডিজিলকারে (DigiLocker) অ্যাকাউন্ট রেজিস্টার করা প্রয়োজন। সম্পূর্ণ প্রক্রিয়াটি ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে সম্পন্ন হবে, তাই এই প্রক্রিয়ায় পোর্টালে সংযুক্ত মোবাইল নম্বরটি সক্রিয় রাখা আবশ্যক।