ত্রিপুরার উন্নয়নের পথে ঋণের বাধা, নির্মলার সামনেই সরব মুখ্যমন্ত্রী!
উত্তর-পূর্বের উন্নয়নে বিশেষ ছাড়ের দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর
শিলংয়ে আয়োজিত ‘লিভারেজিং এক্সটার্নালি এইডেড প্রজেক্টস ইন দ্য নর্থ ইস্টার্ন স্টেটস’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের গতি ত্বরান্বিত করতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে বিশেষ আর্জি জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। তিনি রাজ্যের ‘এক্সটার্নালি এইডেড প্রজেক্টস’ (EAP) বা বিদেশি সহায়তাপ্রাপ্ত প্রকল্পগুলোর ওপর থেকে ঋণের ঊর্ধ্বসীমা সম্পূর্ণ প্রত্যাহারের দাবি তুলেছেন। মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে ত্রিপুরায় শিল্প, পর্যটন ও নগর উন্নয়নসহ আটটি বড় বিদেশি প্রকল্প চলমান রয়েছে, যা রাজ্যের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মুখ্যমন্ত্রী জানান, ২০১৯-২০ অর্থবর্ষে ত্রিপুরার জিডিপি ৫৫,৯৮৪ কোটি টাকা থেকে বেড়ে ২০২৫-২৬ অর্থবর্ষে ১ লক্ষ ৭৯৫ কোটি টাকায় পৌঁছেছে। তবে বিদেশি প্রকল্পে কেন্দ্র ও রাজ্যের ৮ মাস : ২০ অনুপাতে অংশীদারিত্ব থাকলেও জমি অধিগ্রহণ ও আনুষঙ্গিক খরচের কারণে রাজ্যের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। এছাড়া বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য হিসেবে বাড়তি নিরাপত্তা ও প্রশাসনিক ব্যয় বহনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কেন্দ্রের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ সফল করতে প্রতিটি রাজ্যের প্রশাসনিক সক্ষমতার ভিত্তিতে ঋণ গ্রহণের সুযোগ থাকা প্রয়োজন। সেমিনারে রাজ্যের উন্নয়নে সহযোগিতার জন্য তিনি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।